ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এই তালিকায় দলের তিন প্রভাবশালী নেতা—শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আব্দুস সালাম—এর নাম নেই।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবার চুয়াডাঙ্গা–২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু এ আসনে প্রার্থী করা হয়েছে মো. শরীফুজ্জামানকে। উল্লেখ্য, দুদু ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং জুন মাসের দুই দফা জাতীয় নির্বাচনে বিএনপির হয়ে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, আব্দুস সালাম মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা–১৩ আসনে, যা মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার অংশ নিয়ে গঠিত। তবে ওই আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।
দলের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যিনি ১৯৯৬ ও ২০০১ সালে বরিশাল–২ আসন থেকে সংসদ সদস্য ছিলেন, তাকেও এবার প্রার্থী তালিকায় রাখা হয়নি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এটি একটি প্রাথমিক তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে স্থায়ী কমিটি প্রয়োজন মনে করলে সংশোধন আনতে পারে।” তিনি জানান, বিএনপি এবার দলীয় ভাবমূর্তি, সাংগঠনিক ত্যাগ ও জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পুরনো নেতৃত্বের বাইরে গিয়ে নতুন প্রজন্মকে সুযোগ দিতে চায় বিএনপি। তবে তিন অভিজ্ঞ নেতার নাম বাদ পড়ায় দলের অভ্যন্তরে কিছুটা আলোচনা তৈরি হয়েছে।