আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় দেখা যায়নি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রার্থী তালিকায় নাম না থাকলেও রিজভী আহমেদের বিষয়ে কোনো মন্তব্য করেননি বিএনপির মহাসচিব। তিনি বলেন, “এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যেকোনো সময় সংশোধনী আনতে পারে। কিছু আসন পরে শরিক দলগুলোর জন্য রাখা হয়েছে।”
ঘোষিত তালিকায় শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন—বেগম খালেদা জিয়া, যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত হয়েছেন বগুড়া-৬ আসনে, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।
এছাড়া যশোর-৪ থেকে টিএস আইয়ুব, খুলনা-২ থেকে নজরুল ইসলাম মঞ্জু, ঢাকা-৮ থেকে মির্জা আব্বাস, ঢাকা-১১ থেকে এম এ কাইয়ুম, ঢাকা-১৬ থেকে হামিদুল হক, চট্টগ্রাম-১০ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ-২ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, কুমিল্লা-১ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন, এবং সিলেট-২ থেকে তাহসিনা রুশদী লুনা (গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী) প্রার্থী হয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রাজনৈতিক মহলে রুহুল কবির রিজভীর নাম তালিকায় না থাকা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে দলীয় সূত্র বলছে, এটি কেবল প্রাথমিক তালিকা, পরবর্তী সংশোধনীতে পরিবর্তন আসতে পারে।