আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকি আসনগুলো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে, এবং এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের সরকার পুনর্গঠনের প্রত্যাশা করছে।”
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে জাতীয় নির্বাচন, গণভোট ইস্যু এবং যুগপৎ আন্দোলনের সমন্বয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
ঘোষিত তালিকায় দেখা যায়, বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছেন বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে; তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সালাহউদ্দিন আহমেদের কক্সবাজার-১ থেকে প্রার্থিতা বিএনপির কৌশলগত সিদ্ধান্ত, কারণ তিনি ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে জনপ্রিয় এবং সংগঠনিকভাবে প্রভাবশালী। তাঁর মাঠপর্যায়ের সক্রিয়তা এবং স্থানীয় সংযোগ বিএনপির প্রচারণায় গতি আনবে বলে মনে করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।