আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে চমক রয়েছে ঢাকা-১৫ আসনে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের ঘোষিত আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “এটি প্রাথমিক তালিকা। দলের স্থায়ী কমিটি প্রয়োজনে সংশোধন আনতে পারে।” তিনি আরও জানান, “২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করা হলেও বাকি আসনগুলো জোটগত সমন্বয়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে।”
ঘোষিত তালিকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে দলটি এবার স্বাধীনভাবে নির্বাচনী কৌশল নিতে চায়, জোট নির্ভরতা কিছুটা কমাচ্ছে। অন্যদিকে জামায়াত শিবিরে এ সিদ্ধান্তকে মিশ্র প্রতিক্রিয়া হিসেবে দেখা দিয়েছে।
বিএনপির সূত্র জানিয়েছে, প্রার্থীদের বাছাই করা হয়েছে জনপ্রিয়তা, সাংগঠনিক ভূমিকা ও জনমতের মূল্যায়নের ভিত্তিতে। বাকি ৬৩ আসনের প্রার্থী ঘোষণা করা হবে আসন্ন বৈঠকে।