আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম পড়ে শোনান।
ঘোষিত তালিকা অনুযায়ী, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই প্রার্থী তালিকা বিএনপির স্থায়ী কমিটির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে কমিশনে জমা দেওয়া হবে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসন থেকে।
মির্জা ফখরুল বলেন,
“দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে দেশবাসী একটি গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। সেই নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে ২৩৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলো প্রার্থী ঘোষণা করবে, সেখানে বিএনপি সমন্বিত সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন,
“এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের লড়াই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।