ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “স্বাধীনতার পর বাংলাদেশ বহু ক্রান্তিকাল অতিক্রম করেছে, আর আজও দেশ আরেকটি কঠিন সময় পার করছে। আধিপত্যবাদী অপশক্তি — কখনো দিল্লি, কখনো পিন্ডি বা অন্য কোনো শক্তি — বারবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে।”
সোমবার (৩ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা ও পৌর শাখার আয়োজিত কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বিগত দীর্ঘ দুঃশাসনে এই আধিপত্যবাদী অপশক্তি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্র ধ্বংস করেছে। ৫ই আগস্টের পর সেই শক্তি থেকে মুক্ত হলেও এখন আবার কিছু রাজনৈতিক দলের ঘাড়ে চেপে তারা দেশে উঁকিঝুঁকি দিচ্ছে।”
আবেদুল ইসলাম খান অভিযোগ করেন, “পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, তারেক রহমানকে ঠেকাতে মরিয়া জামায়াত ও ভারত। কিন্তু তারেক রহমানকে ঠেকানো যাবে না। বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে বা যাবে— কোনো বিদেশি শক্তি নয়।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল। তিনি বলেন, “হাজার হাজার নেতাকর্মীকে এতিম করে পালিয়ে গেছে শেখ হাসিনা। তিনবার পালিয়েছে, এবার পালিয়েছে ‘আখেরি পালান’। মুক্তিযুদ্ধের সময়ও তারা দেশ ছেড়ে পালিয়েছিল, কিন্তু জিয়াউর রহমান তখন বিদ্রোহ করেছিলেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের নেতা একেএম মামুন অর রশিদ, এনায়েত উল্লাহ খোকন, সাইফুল হক এবং জেলা কৃষক দলের নেতা আবু শামীম মো. আরিফ। সমাবেশ শেষে এক মনোজ্ঞ লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
‘বিভিন্ন রাজনৈতিক দলের ঘাড়ে চেপে বাংলাদেশে আধিপত্যবাদী অপশক্তি উঁকিঝুঁকি দিচ্ছে : আবেদ