বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান। রোববার (২ নভেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মাছুম শনিবার রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষে শনিবার রাতে ফলাফল প্রকাশ করে।
প্রাপ্ত ফলাফলে ২০২৬–২০২৮ কার্যকালের জন্য সর্বাধিক ভোট পেয়ে আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে দেশের প্রতিটি অঞ্চলের রুকন সদস্যরা ভোট প্রদান করেন। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান এবং ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক ন্যায়ের পথে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।