বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর দেশের বিরোধী শক্তি সেই চেতনাকে ছিনতাই করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের মূল প্রেরণা ও ভিত্তি ছিল ইসলামী আন্দোলনের ত্যাগ, সংগ্রাম ও চেতনা, যা ২০১৩ সালের শাপলা চত্বর থেকে শুরু হয়ে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে দৃঢ় রূপ পেয়েছিল।
শনিবার বিকেলে ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, “বছরের পর বছর আমরা ফ্যাসিবাদী অত্যাচার সহ্য করেছি, কারাগারে থেকেও আপোষ করিনি। এখন সেই ত্যাগের ফসল জুলাই বিপ্লবকে বিকৃত করার চেষ্টা চলছে। ইসলামী শক্তির নেতৃত্বে গড়া এই বিজয়কে জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কখনো সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “এই বিপ্লবের ধারক-বাহক ছিলেন ইসলামী জনতা, যারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এখন সময় এসেছে—সেই চেতনার ওপর ভিত্তি করে সোনার বাংলাদেশ গড়ে তোলার, যেখানে দুর্নীতি, অন্যায় ও নিপীড়নের কোনো স্থান থাকবে না।”
মামুনুল হক নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “বর্তমান গণজোয়ার প্রমাণ করছে, বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ চায়—একটি ন্যায়নিষ্ঠ, মর্যাদাপূর্ণ ও আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র।”
তিনি সতর্ক করে বলেন, “যারা জুলাই বিপ্লবের আদর্শকে বিকৃত করতে চায়, তারা মূলত জনগণের রায়ের বিরোধিতা করছে। জনগণের আন্দোলনকে কেউ দমন করতে পারবে না।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালী। উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, এবং ময়মনসিংহ-২ আসনের প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জুলাই বিপ্লব শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি জাতির চেতনার পুনর্জাগরণ।