দেশে প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন,
বর্তমান সরকার ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না, এর মধ্যেই আরও ১০০ সদস্যের উচ্চ কক্ষ গঠনের চিন্তা করা হচ্ছে— যা কোরবানির গরুর দরে কেনাবেচার নতুন রাজনৈতিক বাজারে পরিণত হতে পারে।
রোববার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যারিস্টার ফুয়াদ এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “৩০০ আসনের সংসদই ঠিকভাবে গুছিয়ে পরিচালিত করা যাচ্ছে না। সেখানে আরও ১০০ আসন যুক্ত হলে সে আসনগুলো ব্যবসায়িক লেনদেনের হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা থেকেই যায়। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না হলে উচ্চ কক্ষ যুক্ত করে কোনো লাভ হবে না; বরং এটি দুর্নীতির নতুন পথ খুলে দেবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য নেই। ক্ষমতাকে কেন্দ্র করে দলটি এমন অবস্থানে পৌঁছেছে যেখানে মতাদর্শের চেয়ে ক্ষমতা ও ব্যক্তিকেন্দ্রিকতা বেশি প্রাধান্য পাচ্ছে। তাই তাদের রাজনৈতিক দল বলা কতটা যুক্তিযুক্ত, তা জনগণের বিবেচনায় ছেড়ে দিলাম।”
নির্বাচন কমিশনের অদক্ষতা ও আস্থাহীনতার প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণের জন্য অন্তত একটি হলেও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত ছিল। কিন্তু তা করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা আরও গভীর হয়েছে।”
তিনি বলেন, এবি পার্টি বিকল্প রাজনীতির ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নেমেছে। গণমানুষের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে দলটি দেশের ভবিষ্যৎ রাজনীতি নতুনভাবে গড়ে তুলতে চায়।
মতবিনিময় সভায় ঝালকাঠি-২ আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।