চলমান রাজনৈতিক অচলাবস্থা, সুষ্ঠু নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সৃষ্ট সংকট থেকে উত্তরণের জন্য বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ আহ্বান জানান। তিনি বলেন, “বিএনপি যতই উস্কানি দিক, জামায়াত তাদের সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হবে না। কারণ দেশের মানুষ আতঙ্কে আছে, সেই ভয় দূর করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।”
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, “আসুন আমরা একসাথে বসি। খোলামনে আলোচনা করি। একটি সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ সব ইস্যুতে ঐকমত্য তৈরি করি। দেশের মানুষ রাজনৈতিক বিভাজন নয়, সমঝোতা ও সমন্বয় দেখতে চায়। বিএনপির সঙ্গে বসলে বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা করা সম্ভব হবে—তাহলে জাতি সংকট থেকে মুক্তি পাবে।”
তিনি আরও বলেন, “বিএনপি বলে, ফ্যাসিবাদ আসছে। তাহলে ফ্যাসিবাদ না চাইলে আসুন আলোচনায় বসুন। অন্যের ওপর দায় চাপিয়ে লাভ নেই।”
বিএনপি প্রশাসনে জামায়াতের প্রভাব আছে—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, “তারা বলে ৮০ শতাংশ জায়গায় আমাদের লোক আছে। বাস্তবে ৮০ শতাংশ তাদেরই লোক। এভাবে তারা শতভাগ নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়।”
জামায়াতের নায়েবে আমির বলেন, “আমরা কৌশলী হতে চাই, কিন্তু রাজনৈতিক খেলা খেলতে চাই না। এখন দরকার সমন্বয় ও ঐক্যের রাজনীতি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়তে আলোচনা ছাড়া বিকল্প নেই।”
প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি দৃঢ় থাকুন, সঠিক সিদ্ধান্ত নিন—জাতি আপনাকে সমর্থন দেবে। অন্যায্য সিদ্ধান্ত থেকে দূরে থাকুন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।