বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গত ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ডা. শফিকুর রহমান সর্বাধিক ভোট পেয়ে ২০২৬–২০২৮ মেয়াদে পুনরায় দলের আমির নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে দলীয় সদস্যদের (রুকনদের) অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে এবং পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান এর আগে ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালের ১২ নভেম্বর তিনি জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন এবং ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছরের ২৭ অক্টোবর ২০২৩–২০২৫ কার্যকালের জন্যও তিনি পুনর্নির্বাচিত হয়েছিলেন।
দলের একাধিক সিনিয়র নেতার মতে, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত সাম্প্রতিক বছরগুলোতে সাংগঠনিকভাবে পুনর্গঠন, শিক্ষা ও সামাজিক খাতে অংশগ্রহণ, এবং রাজনৈতিক অবস্থান পুনর্নির্ধারণে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।
দলীয় কর্মীদের মধ্যে তার পুনর্নির্বাচনকে “সংগঠনের স্থিতিশীলতা ও ধারাবাহিক নেতৃত্বের প্রতীক” হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, নতুন মেয়াদে তিনি সংস্কার কমিশনের আলোচনায় অংশ নেওয়া, গণভোট ও জাতীয় নির্বাচনের আগাম প্রস্তুতি—এসব রাজনৈতিক প্রেক্ষাপটে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।