জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গণভোট নির্বাচনের আগে না পরে হবে, সেটা এখন প্রধান সংকট নয়। কিন্তু জুলাই সনদ অবশ্যই ড. ইউনূসকে জারি করতে হবে। প্রেসিডেন্ট চুপ্পু এতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে।”
রোববার দুপুরে রাজধানীর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, “একদল সংস্কারকে ব্যাহত করছে, আরেক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত।”
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট নির্বাচনের দিনেও হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সংস্কারের পক্ষে যদি কেউ না থাকে, তাদের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন, “সরকার কিছু দলের চাপে বারবার জুলাই সনদের টেক্সট পরিবর্তন করেছে।
বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধান ছিল—আমরা সেটিকে সমর্থন করি। যদি এ বিধান বাদ দেওয়া হয়, তাহলে আদেশ সমর্থনের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।”
তিনি অভিযোগ করেন, “শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার ছবি ব্যবহারের বাধ্যবাধকতা সংবিধানে কোনোভাবেই থাকতে পারে না। বাস্তবায়ন আদেশে খসড়া–১ যেভাবে আছে, যদি তাতে পরিবর্তন আনা হয়, তাহলে এনসিপি তা সমর্থন নাও করতে পারে।”
প্রতীক ইস্যুতে তিনি বলেন, “নতুন দল হিসেবে সহযোগিতার পরিবর্তে আমাদের কাজে বাধা সৃষ্টি করছে নির্বাচন কমিশন। অথচ ‘শাপলা কলি’ প্রতীকের যে সিদ্ধান্ত, সেটি তারা অনেক আগেই দিতে পারতো। আমরা স্পষ্টভাবে বলছি—আমরা শাপলাই চাই।”