আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, “দেশ এখন এক অনিশ্চিত সময় অতিক্রম করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে।” তিনি আরও বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন—এই দিনে সৈনিক ও জনগণের ঐক্যে নতুন গণজাগরণ সৃষ্টি হয়েছিল।”
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ৬টা থেকে নয়াপল্টনসহ সারাদেশে বিএনপির কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। একই দিন বিকেল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি র্যালি বের করবে। জেলা ও উপজেলা পর্যায়েও র্যালি অনুষ্ঠিত হবে।
এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও জনসম্পৃক্ত কর্মসূচি পালন করবে।
শ্রমিক দল: ৫ নভেম্বর আলোচনা সভা
ছাত্রদল: ৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা
ওলামা দল: ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
তাঁতী দল: ১০ নভেম্বর আলোচনা সভা
কৃষকদল: ১১ নভেম্বর আলোচনা সভা
জাসাস: ১৩ নভেম্বর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান
মূল অনুষ্ঠান হিসেবে ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিএনপির কেন্দ্রীয় আলোচনা সভা। এ ছাড়া ৩ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টারি, ভিডিওচিত্র, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।