ভোলা সদরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, এ ধরনের আচরণ অব্যাহত থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে, যা ভবিষ্যৎ নির্বাচনের ওপরও প্রভাব ফেলবে।
শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পার্থ এ মন্তব্য করেন। তিনি লিখেন, “এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। এটা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। ঐক্যের কোনো বিকল্প নেই।”
পোস্টের সঙ্গে তিনি সংঘর্ষে আহত নিজ দলের নেতাকর্মীদের ছবি যুক্ত করেন এবং ঘটনাটির বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, “ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন।
জোহরের নামাজের আগে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হওয়ার পর অল্পসংখ্যক নেতাকর্মী অফিসে অবস্থান করছিলেন। ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রায় ৪০০ থেকে ৫০০ জনের একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং পার্টি অফিসে ভাঙচুর করে।”
তিনি বলেন, এই ঘটনা শুধু রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। দলীয় ঐক্য বজায় রাখতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার দুপুরে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক, পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অবস্থান নিয়েছে।