জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “বিপ্লবের সার্টিফিকেট যদি নিতে হয়, তাহলে আমি ছোট হাসিনার কাছ থেকে নেব কেন? বরং সরাসরি বড় হাসিনার কাছ থেকেই নেব!”
তিনি আরও বলেন, “আসলে ওনারা বড়টার কাছ থেকে সার্টিফিকেট নিতে চায় কিন্তু সেটা প্রকাশ্যে বলতে পারে না, তাই চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে চায়।
এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা চলছে। চুপ্পুর কাছ থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, তার চেয়ে আমরা সবাই বিষ খেয়ে মরে যাই ভালো।”
শনিবার দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “একজন আহত যোদ্ধাকেও যদি বলা হয় চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, কেউই রাজি হবে না। যারা জুলাইয়ের বিপ্লবের দাবি করে, তাদের উচিত জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা করা, বিতর্ক সৃষ্টি নয়।”
সভাটি পরিচালনা করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুছে।
বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক ড. মাহমুদ আলম মিতু এবং বরিশাল বিভাগীয় সংগঠক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
সভায় পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনকে আরও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “জুলাই বিপ্লব কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনগণের রক্তে লেখা ইতিহাস। তাই এর সার্টিফিকেট কোনো ব্যক্তি বা দলের কাছ থেকে নেওয়া যাবে না।”