জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশকে বাঁচাতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি জরুরি। বিপুল সংখ্যক জনগণকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।
শনিবার বিকেলে রংপুরে দলের কার্যালয়ে এক কর্মী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “বর্তমান প্রশাসনিক কাঠামো বিএনপি, জামায়াত ও এনসিপির প্রভাবে গঠিত। এই কাঠামোর মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে নির্দলীয় ও জবাবদিহিমূলক সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।”
তিনি অভিযোগ করেন, গত ১১ বছর ধরে জাতীয় পার্টি প্রকৃত অর্থে স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি। দলটিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, যা রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে।
জাপা মহাসচিব বলেন, “সুষ্ঠু ভোটের নিশ্চয়তা মিললে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। কিন্তু বর্তমানে প্রশাসনিকভাবে যে নির্বাচন পরিকল্পনা করা হচ্ছে, তা একপাক্ষিক এবং জনগণকে বাদ দিয়ে সাজানো।”
তিনি বলেন, “দেশ এখন মারাত্মক অর্থনৈতিক সংকট ও অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসনিক ছক আঁকলে নির্বাচন অবাধ হবে না, বরং দেশে নতুন সংঘাতের জন্ম দেবে।”
শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, “জাতীয় পার্টি কখনও বিশৃঙ্খলা চায় না, আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”
সভায় রংপুর মহানগর, জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।