জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে এখন কোনো সমন্বয় নেই।”
শনিবার সকালে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, “বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব আছে—এটা পুরোপুরি সত্য নয়। প্রত্যেক রাজনৈতিক দল এখন তাদের নিজ নিজ সংস্কারের জায়গায় অবস্থান নিয়েছে। কেউ সংস্কারের পক্ষে, কেউ বিপক্ষে। এই অবস্থান থেকেই বোঝা যাচ্ছে—বাংলাদেশে এখন দুইটি পক্ষ তৈরি হয়েছে: সংস্কারের পক্ষে যারা, এবং যারা সংস্কারের বিপক্ষে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। যারা সংস্কারের পক্ষে তারা এখন ইসলামী দলগুলোর সঙ্গে মিলেমিশে কাজ করছে। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে তারা ক্রমেই দূরে সরে যাচ্ছে।”
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংস্কারকে ঘিরে বিভাজন নয়, বরং ঐক্যের পথে এগোতে হবে। দেশের জনগণ এখন পরিবর্তন চায়, সংঘাত নয়।”
সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।