বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায়।” শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
আলাল বলেন, “দেশ এখন বহুরূপীদের খপ্পরে পড়েছে। বিএনপির উচিত এই সময়ে ধৈর্য ধারণ করা। যারা একসময় আদর্শের কথা বলত, এখন তারাই মুখোশ পরে রাজনীতির মাঠে নেমেছে।”
তিনি বলেন, “তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল। তাদের শীর্ষ নেতাদের অনেকে একসময় জাসদের রাজনীতিতে ছিল। সেই সময় তারা ছিল ‘গলাকাটা পার্টির’ সদস্য। ৫ আগস্টের ঘটনার পর থেকে ছাত্র শিবির ছাত্রলীগের ভেতর থেকেই বের হয়ে এসেছে, অথচ তারা এখন দাবি করছে, তারা সবসময় প্রকাশ্যে ছিল।”
আলাল আরও বলেন, “জামায়াত এখন নিজেদের চেহারা বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সমাবেশ করে বিএনপির বদনাম করছে। অথচ বিএনপি সব সময় জাতীয় ঐক্য ও রাজনৈতিক সহনশীলতার পক্ষে ছিল। কিন্তু জামায়াত নিজেদের অবস্থান পরিবর্তন করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে।”
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে বিএনপি নেতার এই উপদেষ্টা বলেন, “যে দল সেই সময়ের মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের আজও নিষিদ্ধ করা হয়নি—এটাই বাংলাদেশের রাজনৈতিক দুর্ভাগ্য।”
তিনি মনে করেন, দেশের রাজনীতিতে নৈতিকতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে অতীতের ভুলের বিচার হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।
আলালের বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে রাজনৈতিক ঐক্য ও দূরদর্শিতার মাধ্যমে এগিয়ে যেতে চায়।