বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন,
“বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না।” তিনি জোর দিয়ে বলেন, জনগণের অংশগ্রহণ ও গণরায়ের ভিত্তিতেই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব, আর গণভোটই সেই রায় নির্ধারণের একমাত্র পথ।
তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে জামায়াত আপোষহীন অবস্থান ধরে রাখবে এবং এই লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে। প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন,
“যারা বিদেশে অবস্থান করছেন, তাদেরও ভোটাধিকার নিশ্চিত করতে হবে।” এ সময় তিনি প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গে জামায়াত আমির বলেন,
“আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী যে-ই হোক না কেন—সে সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ—অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে।”
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলামসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
এদিকে, ডা. শফিকুর রহমানের শনিবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে।