বিএনপি ও জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দূরত্ব সৃষ্টির গুঞ্জনকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “বিএনপি এবং জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টির কথাটি সত্য নয়। সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে এনসিপির হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবেই।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, “এক-এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদকালীন পুরো সময়টাই বাংলাদেশ গণতন্ত্রহীন সময় পার করেছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক উত্তরণের নতুন যাত্রা শুরু হবে, এবং সেই যাত্রায় এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “অতি দ্রুত গণভোট নিয়ে আদেশ দিতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা হওয়া ড. ইউনূসকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।”
নির্বাচনে এনসিপি জোটে যাবে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। জোট নির্ভর করবে কে সংস্কারের পক্ষে আছে এবং কে নয়— সময়ই সেটি নির্ধারণ করবে।”
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, যুগ্ম সমন্বয়কারী মো. আল আমীন খান ও মাহবুবুল আলম নাঈম প্রমুখ।
হাসনাত বলেন, “আমরা সংস্কারের রাজনীতিতে বিশ্বাস করি। দেশের পরিবর্তনের জন্য ঐক্য প্রয়োজন, বিভাজন নয়। এনসিপি সেই ঐক্যের রাজনীতিই করছে।”