বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “হিন্দু সম্প্রদায়ের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে দেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। স্বাধীনতার পর থেকে সব সরকার হিন্দুদের ব্যবহার করে নিজেদের ভাগ্য গড়েছে, এবার হিন্দুরাই নিজেদের ভাগ্য বদলাবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “হিন্দু যুবকরা এবার দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর সনাতন শাখার আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “যারা দাঁড়িপাল্লার উত্থান দেখে ভয় দেখাচ্ছে, তারা জানুক— এবার হিন্দুরা ভয় পাবে না। কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।” তিনি অভিযোগ করে বলেন, “৫৪ বছর ধরে মাস্তান, দখলদার ও চাঁদাবাজরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে হিন্দুদের শোষণ করেছে। জামায়াত ক্ষমতায় এলে সন্ত্রাস, দখলদারিত্ব ও দুর্নীতি চিরতরে দাফন করা হবে ইনশাল্লাহ।”
জামায়াত নেতা বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। লাঙল, ধানের শীষ, নৌকা— সব দেখেছি। এখন সময় দাঁড়িপাল্লার। নতুন প্রজন্ম ও তরুণরাই হবে সেই পরিবর্তনের সেনানী। ডুমুরিয়ার তরুণ হিন্দুরা দাঁড়িপাল্লার পক্ষে বিপ্লবের জোয়ার তুলবে।”
তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরে গণভোট ও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত।
সম্মেলনে উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী বলেন, “নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক— এই স্লোগানেই আমরা একতাবদ্ধ।”
এ সময় খুলনা জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রায় হিন্দু নারী-পুরুষ ও যুবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল, বক্তব্য দেন অ্যাডভোকেট আবুল খায়ের, ডা. হরিদাস মণ্ডল, কানাই লাল কর্মকার, প্রশান্ত কুমার মণ্ডল প্রমুখ।