বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পাশবিকতা ও লুটপাটহীন মানবিক সমাজ গড়ে তুলবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা শাসক হতে চাই না, বরং সেবক হয়ে জনগণের দোরগোড়ায় চিকিৎসা ও নাগরিক সেবা পৌঁছে দিতে চাই। জামায়াত ক্ষমতায় না এলেও দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, “অনৈতিক কাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।”
শিক্ষাকে উৎপাদনমুখী করে তুলতে এবং দুর্নীতি রোধে শিক্ষা ও মানবিকতার ভিত্তিতে জাতি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি, তা বাস্তবায়নে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী।”