বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।” তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “কবুল যেহেতু বলেছেন, কাবিনে স্বাক্ষর করেছেন, আপনাকে সংসারও করতে হবে। সংসার না করলে জনগণের সামনে গিয়ে বলতে হবে, আমরা সংসারের জন্য প্রস্তুত নই।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমিল্লার লাকসাম বাইপাসে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই সনদ যখন ব্যর্থতায় যাচ্ছিল, তখন আমরা সনদে স্বাক্ষর করিনি। কিন্তু এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। পুলিশকে আবারও জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, যা আমরা প্রতিহত করব।”
তিনি অভিযোগ করেন, “সংস্কার কমিশন গঠনের পরও আলোর মুখ দেখেনি। সচিবালয়ে বসে ডিসি-এসপি ভাগাভাগি চলছে। যারা এই রুটি ভাগাভাগির রাজনীতি করছে, তারা নির্বাচনের সময় আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।”
তিনি সতর্ক করে বলেন, “বিগত নির্বাচনে প্রশাসনের অনেক কর্মকর্তা রেফারি হয়ে খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন। এবার এমন হলে জনগণ তা মেনে নেবে না। যারা ব্যালট ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তারা আসলে জনগণের পক্ষেও নয়।”
হাসনাত আরও বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে গোপালগঞ্জ, বগুড়া বা কুমিল্লা—কোনো জেলার মানুষই বৈষম্যের শিকার হবে না। সবার অধিকার সমান হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।