আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি গণসংযোগ শুরুর ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তিনি জানান, আগামীকাল শুক্রবার বাদ জুমা কাটাবন কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তার নির্বাচনি জনসংযোগ কর্মসূচি শুরু করবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শরিফ ওসমান হাদী এ তথ্য জানান। তিনি লিখেছেন, “আগামীকাল বাদ জুম্মা কাটাবন কেন্দ্রীয় মসজিদ সম্মুখে আমরা নির্বাচনী জনসংযোগ করবো, ইনশাআল্লাহ।”
রাজধানীর গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন হাদী। তার নেতৃত্বে গড়ে ওঠা ইনকিলাব মঞ্চ ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন, যা ছাত্র-জনতার আন্দোলনের ধারায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এ সংগঠনটি এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। হাদী জানিয়েছেন, গণসংযোগ কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নির্বাচনি ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরবেন তিনি।