বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “কাবিনে সই করেছেন, কবুলও বলেছেন—এখন সংসারও করতে হবে।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার লাকসামে এনসিপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, “আমাদের নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ঠিকই বলেছেন—যারা জুলাই সনদের স্বাক্ষর করেছিলেন, আজ তারাই আবার বিপক্ষে অবস্থান নিয়েছেন। যদি বিয়ে না-ই করেন, তবে কাবিনে সই করলেন কেন?
সংসার করতে না চাইলে কবুল কেন বললেন?” তিনি আরও যোগ করেন, “কবুল বলেছেন, কাবিনে সিগনেচারও করেছেন—তাহলে সংসারও করতে হবে। না করলে জনগণের সামনে এসে ডিভোর্স ঘোষণা দিতে হবে।”
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “সংস্কারের বিপক্ষে যারা ‘না’ বলেছে, তাদের চিনে রাখুন। এরা আবার তত্ত্বাবধায়ক বিরোধিতার নামেও জনগণের ভোটাধিকার হরণ করবে।” হাসনাতের মতে, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যেসব দল একসঙ্গে ছিল, আজ তারাই বিভক্ত। জনগণকে বিভ্রান্ত করার এই রাজনীতি চলতে পারে না।”
বিএনপিকে সমালোচনা করে তিনি বলেন, “আমাদের পরামর্শ দেওয়া হয় যে, আমরা ছোট দল, তরুণদের দল, বাচ্চাদের দল। কিন্তু মনে রাখবেন, সরকারি চাকরিতে বয়সসীমা থাকে কারণ বয়স বাড়লে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কমে যায়। আজকের তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
এ সময় হাসনাত বলেন, “আমাদের প্রবীণ প্রজন্ম স্বাধীনতার চেতনা ঠিকভাবে ধারণ করতে পারেনি বলেই আজ নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। আমরা জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য মাঠে নেমেছি।”
এর আগে হাসনাত লাকসাম উপজেলা এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং স্থানীয় সড়কে লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় দলের যুগ্ম মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।