শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বাধ্যবাধকতা বিলুপ্তির বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ক্ষোভের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“প্রিন্টেড পুস্তক আকারে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমরা লক্ষ্য করেছি, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে।”
তিনি উদাহরণ টেনে বলেন, “প্রথমত, মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান [অনুচ্ছেদ ৪ (ক)] বিলুপ্ত করার বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মতিপত্র দিলেও সেটি চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।”
তিনি আরও জানান,
“সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ—যার মধ্যে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও, তা অগোচরে সংশোধন করে বাদ দেওয়া হয়েছে।”
এদিকে শেখ মুজিবুর রহমানের ছবি রাখার বিপক্ষে অবস্থান নেওয়ায় জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নেতা আরিফুর রহমান তুহিন।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“জুলাই সনদ থেকে এই ধারা বাদ না পড়লে এনসিপি স্বাক্ষর করবে না। তবে এটি বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জেনেছি।”
তিনি আরও বলেন,
“আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস না রাখার ধারাটি অনেকেই মেনে নিয়েছেন, কিন্তু এনসিপি তা মেনে নেয়নি। সেই কারণেই এনসিপি সনদে স্বাক্ষর করেনি।”