বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
“জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।” তিনি বলেন, যেকোনো আদেশ রাষ্ট্রপতির স্বাক্ষর ব্যতীত কার্যকর হতে পারে না, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আইনি ভিত্তি প্রদান সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানানোর জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রমাণিত হয়েছে, দীর্ঘ এক বছরব্যাপী সংস্কার কমিশনের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা ছিল অর্থহীন, সময় ও অর্থের অপচয় এবং জাতির সঙ্গে প্রতারণা।” তিনি আরও বলেন, “গণতন্ত্রে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক, কিন্তু ঐকমত্য কমিশনের প্রস্তাবনাগুলো একতরফা এবং জোরপূর্বক জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “যেসব দফায় সবাই সম্মত হয়েছিল, সেগুলোর কিছু গোপনে পরিবর্তন করা হয়েছে। এতে গণতান্ত্রিক মূল্যবোধের লঙ্ঘন ঘটেছে।”
মির্জা ফখরুল বলেন,
“প্রস্তাবনাগুলোর মধ্যে যেভাবে বলা হয়েছে যে ২৭০ দিনের মধ্যে এসব দফা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এটি গণতান্ত্রিক নীতির পরিপন্থী এবং সংবিধানবিরোধী পদক্ষেপ।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।