বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে গোরস্তানে পাঠিয়েছেন।
বুধবার বিকেলে নরসিংদীর মাধবদীতে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “যারা সমাজে চাঁদাবাজি করে, অরাজকতা তৈরি করে, নদীর বালি বা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।” তিনি জানান, বিএনপি জনগণের দল, এখানে সৎ, পরিশ্রমী ও দেশপ্রেমিক মানুষদেরই স্থান থাকবে।
তিনি আরও বলেন, “সমাজের সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, কৃষক — সবাই বিএনপির পতাকাতলে আসতে পারেন। কিন্তু হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, রাজত্ব করেছে, তারা বিএনপিতে আসতে পারবে না।”
রিজভীর দাবি, “যদি সমাজবিরোধীরা দলে যোগ দিতে না পারে, তবে ৯০ শতাংশ মানুষই বিএনপির পতাকাতলে আসবে। জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। এ সময় জেলার হাজারো নেতাকর্মী উপস্থিত থেকে রিজভীর বক্তব্যে সমর্থন জানান।