খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, গণহত্যাকারী ও খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাংলার মানুষ কোনো নির্বাচন মানবে না।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগা মাঠে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, “নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এর পরেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের চিন্তা করা যেতে পারে।” তিনি আরও বলেন, “যারা জনগণের ওপর গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হতে হবে। দোসরদেরও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশে আগামীর রাজনীতি হবে বাংলাদেশপন্থার রাজনীতি। ওয়াশিংটন, মস্কো, দিল্লি, পিন্ডি বা পিকিং— কোনো পন্থাই বাংলাদেশের রাজনীতির পথ নির্ধারণ করবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।”
মামুনুল হক বলেন, “জুলাই বিপ্লব কোনো একক দলের কৃতিত্ব নয়। এটি ৫৬ হাজার বর্গমাইলের সাধারণ মানুষের আন্দোলন— ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা নির্বিশেষে সবার ত্যাগ ও অবদানে অর্জিত একটি বিপ্লব।”
সম্মেলনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস গাজীপুর মহানগর সভাপতি মুফতি ওমর ফারুক আল মাদানি।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারই হবে আগামী দিনের রাজনীতির প্রধান লক্ষ্য।