নির্বাচন কমিশনের প্রতীক ইস্যু নিয়ে বিতর্কে না জড়াতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ইসিকে বিতর্কিত করা থেকে বিরত থাকা।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, “আমাদের জানা মতে, নির্বাচন কমিশনের গেজেটে যে তালিকা থাকে, সেই তালিকার বাইরের কোনো প্রতীক সাধারণত কোনো দলকে দেওয়া হয় না। যেমন আমাদের দলের প্রতীক ‘ট্রাক’— এটা আমরা নিজেরা নির্বাচন করিনি; কমিশনের বিধিমালা অনুযায়ী ইসিই আমাদের দিয়েছে। তাই অন্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না নিজেদের দাবি নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে ফ্যাসিবাদের পতনের পর অংশীজনদের আলোচনার ভিত্তিতে। এখন পর্যন্ত তারা কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন আয়োজন করেনি, তাই তাদের বিরুদ্ধে অনিয়ম বা পক্ষপাতের অভিযোগও ওঠেনি। আমরা যদি আগেভাগেই ইসিকে বিতর্কিত করে ফেলি, তাহলে তারা একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারবে না।”
নুর জানান, তার দলও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দেশের বর্তমান ঐতিহাসিক পরিবর্তনের সময় দৃঢ়ভাবে ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দেয়, তারা প্রতীক হিসেবে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ দাবি করছে— অন্যথায় তারা নিবন্ধন নেবে না। তবে নির্বাচন কমিশন জানায়, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই দলটিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।
বৈঠকে সিইসির সঙ্গে গণঅধিকার পরিষদের সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করে।