জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির অবস্থান সব সময়ই পরিষ্কার—গণভোট ও নির্বাচন একই দিনে, দুটি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, “বিএনপির অবস্থান দিনের আলোর মতো পরিষ্কার—গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে, আলাদা করে এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।”
এর আগে মঙ্গলবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে “জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ” হস্তান্তর করে। ওই সুপারিশে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির পর জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় আমীর খসরু বলেন, “আমাদের অনেকগুলো প্রস্তাব ছিল যেগুলো ঐকমত্যে আসেনি। বিএনপি যেসব বিষয়ে ঐকমত্য দেয়নি, সেই দিকগুলোতে যাওয়ার সুযোগ নেই। কে কী রেকমেন্ড করছে, সেটা তাদের বিষয়। কিন্তু বিএনপির অবস্থান একটাই—ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “গণভোট ও নির্বাচন একই দিনে হলে জনগণের অংশগ্রহণ বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং কেউ ফলাফল নিয়ে কারচুপির সুযোগ পাবে না। তাই আমরা শুরু থেকেই একই দিনের ভোটের পক্ষে।”
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, দলটি নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সব বিষয়ে ঐকমত্যের ভিত্তিতেই এগোতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সিদ্ধান্তের পক্ষে নয়।”