অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষা ছিল ড. আসিফ নজরুলের—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আসিফ নজরুল তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন তার কোর্টে বল গেছে—দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।” তিনি আরও বলেন, “আমরা আশা করছি তিনি জনগণের পক্ষে থেকে জুলাই সনদের বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উপদেষ্টাদের সঙ্গে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ ঘোষণা করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, “ওই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের উপস্থিত রাখতে হবে। এনসিপি সেই দিনই সনদে স্বাক্ষর করবে।”
তিনি জানান, জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে রয়েছে, এবং জনগণ দেখতে চায় কোনো প্রকার টালবাহানা ছাড়া এটি বাস্তবায়িত হোক। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। আমরা ঝুঁকি নিয়েছি, কিন্তু তার সুফল এখন মানুষ পাচ্ছে।”
বর্তমান সংবিধান নিয়ে সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, “বাহাত্তরের পচা সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা দলীয় দাস হয়ে সংস্কার রুখতে চায়, তারা কোনো সেফ এক্সিট পাবে না—জনগণ তাদের বিচার করবে।”
তিনি আরও বলেন, “বুলেট রেভুলেশনের পর এখন ব্যালট রেভুলেশনের সময়। কেউ রক্তের রাজনীতি করতে চাইলে জনগণই তার জবাব দেবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে। তিনি বলেন, “যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত আসলে বিরোধী সাজছে—এক দল ভারতমুখী, আরেক দল পাকিস্তানমুখী।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এনসিপি জনগণের পক্ষে থেকে সরকার গঠন করবে, কারণ আমরা কোনো অ্যাম্বাসি বা ক্যান্টনমেন্টের দালানঘরে যাই না।”