বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বাংলাদেশকে নিজের একান্ত সম্পদ মনে করতেন। তিনি যা ইচ্ছা তাই করতেন। অহংকার ও জুলুমের কারণেই আজ তার পতন হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত ‘কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, “মতিউর রহমান মল্লিক একজন চিন্তাশীল কবি ছিলেন, যিনি দেশের তরুণ সমাজকে সুস্থ সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি জ্ঞান অর্জনের জন্য, কিন্তু আজ অনেকেই সার্টিফিকেট নিয়ে চাকরির পেছনে ছুটছে। প্রকৃত প্রতিযোগিতা হওয়া উচিত জ্ঞানের উপলব্ধি ও অনুধাবনের মধ্যে।”
তিনি আরও বলেন, “কারও সফলতা একার প্রচেষ্টায় নয়, বরং সকলের সহযোগিতায় সম্ভব। অহংকার ও অন্যায় কখনো টিকে থাকতে পারে না—এর জ্বলন্ত উদাহরণ সাবেক সরকারের পতন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে মুসলিম পরিচয় দিতে গিয়ে মানুষ হীনমন্যতায় ভুগেছে। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে সব মত ও ধর্মের চর্চা হবে—কেউ বৈষম্যের শিকার হবে না। আমরা সবাই মানুষ হিসেবে সমান।”
এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, হল প্রভোস্ট আঞ্জুমান আরা, ইউটিএল শাখার আহ্বায়ক অধ্যাপক ড. আবু লায়েক, কৃষিবিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আফজালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা।