জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে প্রকাশ করতে হবে। রাষ্ট্রপতির আদেশ জনগণের কাছে বৈধ বা গ্রহণযোগ্য হবে না।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে এনসিপির রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবদের সঙ্গে সাংগঠনিক বৈঠকের আগে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ এখন জাতির চুক্তিপত্রের প্রতীক। এটি জনগণের গণভোটে অনুমোদিত একটি নীতিপত্র। তাই এর ওপর স্বাক্ষরের এখতিয়ার কেবল প্রধান উপদেষ্টার। তিনি বলেন, “রাষ্ট্রপতি যদি এতে স্বাক্ষর করেন, তা হবে সংবিধানবিরোধী এবং জনগণের রায়ের পরিপন্থী।”
তিনি আরও বলেন, সংস্কারবিরোধী বা ইতিহাসে দায়ভার থাকা কোনো দলের সঙ্গে এনসিপি কোনো জোটে যাবে না। এনসিপির সিদ্ধান্ত নীতিমালা ও জনগণের ইচ্ছার ভিত্তিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো শক্তির সঙ্গে সমঝোতা অসম্ভব।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি প্রতীক দিতে রাজনৈতিক চাপ প্রয়োগ করতেই হয়, আমরা রাজপথেই তা আদায় করব।”
তিনি আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনকে ঘিরে ফ্যাসিবাদী ও বৈদেশিক শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তবে এবার নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, বরং ড. ইউনূসের নেতৃত্বাধীন নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।