ক্ষমতায় গেলে দেশের কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব ঘোষণা দেন।
নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে অনুষ্ঠিত ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, “একজন মা সন্তান জন্ম দেন, লালন-পালন করেন, আবার পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীও সমান সময় দেবেন—এটা কি ন্যায়সঙ্গত? আমরা ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করব, যাতে তারা সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন।”
তিনি বলেন, “মায়েদের বাড়তি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি ৮ ঘণ্টার জায়গায় ৫ ঘণ্টা কাজের সময় দিই, তাহলে মায়েরা আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কারণ তারা সরকারের দেওয়া সেই সম্মানকে মূল্যায়ন করবেন।”
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হবেই। তবে কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, সেটাও আমরা নিশ্চিত করব। আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি।”
এ সময় প্রবাসী বাংলাদেশিদের প্রতিও আহ্বান জানান তিনি। বলেন, “দেশের উন্নয়নে শুধু রেমিট্যান্স নয়, প্রবাসী মেধাবীদেরও ভূমিকা প্রয়োজন। আমরা তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করব।”
তিনি আরও বলেন, “যারা দেশে ভোট দিতে যেতে পারবেন না, তারা এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোট মিস করবেন না। প্রবাসীদের ভোটই হতে পারে বাংলাদেশের উন্নয়নের নতুন শক্তি।”