ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সঙ্গে কয়েকজন ডাকসু নেতার আক্রমণাত্মক ও অশোভন আচরণের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
নাছির তার পোস্টে লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের সঙ্গে কয়েকজন ডাকসু নেতা যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে অশোভন আচরণ করেছে তা খুবই নিন্দনীয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
” তিনি আরও উল্লেখ করেন, ট্রেজারার মহোদয় ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় সংগঠক, যিনি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বরাবরই ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তার ওপর বিগত প্রশাসনের অব্যবস্থাপনার দায় চাপিয়ে অযাচিত চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন নাছির।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, “ডাকসুর পদবি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর মবতন্ত্র প্রয়োগ করা শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক। আমরা প্রত্যাশা করি, যে কোনো দাবি আদায়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথ অনুসরণ করা হবে।”
তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। নাছির বলেন, “ভবঘুরে, নেশাগ্রস্ত কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের উপস্থিতি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সরিয়ে দেওয়া এবং রাতে ক্যাম্পাসজুড়ে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা।”
এছাড়া ক্যাম্পাসে থাকা দোকানপাটের বিষয়ে নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে পরিচালিত দোকানগুলোকে হঠাৎ উচ্ছেদ না করে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে চিহ্নিত করা দরকার। অন্যথায়, অযথা বিশৃঙ্খলার সৃষ্টি হবে।” নাছির মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া জরুরি।