বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “যারা ৫০ বছর ধরে নৌকায় ভোট দিয়ে আসছেন, তারাও গত ১৭ বছর নৌকায় ভোট দিতে পারেননি। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে নৌকার ভোটও এবার ধানের শীষ পাবে।”
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী শহীদ মারুফ শেখের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আমাদের সভ্যভাবে কাজ করতে হবে। যদি আমরা অপকর্মে জড়াই, তাহলে ফ্যাসিবাদীদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। তাই নিজেদের আগে আত্মশুদ্ধি করতে হবে। সৎ থাকতে হবে এবং আশপাশের মানুষদেরও সৎ থাকার পরামর্শ দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল—যারা গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। দেশের যে উন্নয়ন হয়েছে, তা বিএনপির হাত ধরেই হয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না।”
শহীদ মারুফের স্মৃতিচারণা করে তিনি বলেন, “শহীদ মারুফের মতো ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। তাদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব। এই ত্যাগ বৃথা যেতে পারে না।”
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।