ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা করতে পারবে না, এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না।
” তিনি বলেন, “জনগণকে সচেতন হতে হবে। জুলুমকারী, অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চাইলে হাত পাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি ফিরবে।”
রবিবার বিকেল ৩টায় বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত এ সমাবেশে ফয়জুল করিম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার পিআর পদ্ধতি মানেনি, গণহত্যার বিচারও করেনি।
ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, কিন্তু আজও দেখা যায় সংখ্যালঘু মুসলমানদের প্রতি বৈষম্য চলছে।”
তিনি বলেন, “১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি সহ বহু দল ক্ষমতায় এসেছে, কিন্তু কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। চোর যদি এমপি হয়, সে কি দেশের উন্নয়ন করবে? আওয়ামী লীগকে চাঁদাবাজি, জুলুম ও ধর্ষণের কারণে জনগণ তাড়িয়েছে, কিন্তু এখনো সেই অনিয়মই চলছে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠী-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতারা।