বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যে-ই ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলতে হবে।”
শনিবার (২৫ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখা।
মাসুদ সাঈদী বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা দেশ থেকে লুট হয়েছে। শুধু পিরোজপুর থেকেই আওয়ামী লীগের একজন এমপি এক হাজার সাতশো কোটি টাকা আত্মসাৎ করেছে। এই লুটপাটের কারণেই দেশ পিছিয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “এখন সময় বদলেছে। ৫ই আগস্টের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দুর্নীতিবাজের স্থান হবে না। যেই-ই হোক, দুর্নীতিতে জড়িত থাকলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।”
দেশের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, “আমরা চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে—যারা দেশ ও জনগণের অধিকারকে শ্রদ্ধা করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব ও জেলা সেক্রেটারি জহিরুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, শিবির জেলা সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।