বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের আগে বাংলাদেশ এক প্রকার ঝুলুম তন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদের সমাজের সবচেয়ে কিং পার্সনদের হত্যা করা হয়েছে।
যারাই আওয়ামী লীগের ক্ষমতার জন্য হুমকি হয়েছে, সেটা জামায়াত, শিবির কিংবা ইসলামী দল বা যে কোনো রাজনৈতিক দলের লোকই হোকনা কেন, তাদের গুম ও হত্যা করা হয়েছে। পরিবারগুলোকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগে কোনও নির্বাচনে বিজয়ী হলে বিশাল শোডাউন ও বিজয় মিছিল হতো, উৎসবের শেষ থাকতো না। চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী হয়ে আমরা কোনও বিজয় মিছিল করি নাই।
আমরা মানুষদের দেখিয়েছি কোনও দায়িত্ব বোধ অর্জন করলে উৎসবের কোনও বিষয় থাকে না। দায়িত্ব বোধের জায়গা থেকে যেন কোনও অহংকার সৃষ্টি না হয় সেজন্য আল্লাহর কাছে লুটিয়ে পড়ে আমরা বিজয় উদযাপন করেছি।
ইসলামী ছাত্র শিবির জেলার সভাপতি মো. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর (জিএস) এস এম ফরহাদ, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড ইউসুফ আলী, সদর উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, জামায়াত নেতা মিনহাজুর রহমান, অ্যাড. আমীর হোসেন, শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম প্রমুখ।