গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাতের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন নুর। ঘটনাটি ঘটে সম্প্রতি এক আলোচনা সভায়, যেখানে দুজন একই মঞ্চে উপস্থিত ছিলেন।
জানা যায়, ওই সভায় পাশাপাশি বসেছিলেন নুর ও হাসনাত। এক পর্যায়ে নুরুল হক নুর বলেন, “এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা দিতেই হবে। মান্না ভাইয়েরা আগেই শাপলা চেয়েছিলেন, কিন্তু তাদের দেওয়া হয়নি, কারণ গেজেটে শাপলা নেই।”
এরপর নুর অভিযোগ করেন, “মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি, ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি বা ইউএনও হয়নি। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি, ইউএনও, ওসি নিয়োগ হয়েছে।”
এই বক্তব্যের মাঝেই হাসনাত আব্দুল্লাহ নিজের মাইক্রোফোন অন করে প্রতিবাদ জানান। তখন নুর তাকে থামিয়ে বলেন, “তুমি পরে বল।” কিন্তু হাসনাত তা মানেননি। তিনি বলেন, “কেউ যদি দেখাতে পারেন যে, আমি কোথাও এসপি, ডিসি, ইউএনও বা ওসির জন্য সুপারিশ করেছি, তাহলে আমি এখানেই রাজনীতি থেকে ইস্তফা দেব।”
এ সময় হাসনাত আরও বলেন, “আপনারাও লিস্ট পাঠিয়েছেন, ভাগ-বাটোয়ারায় না মেলায় এনসিপির সমালোচনা করছেন।”
হাসনাতের এই বক্তব্যের পর নুর বলেন, “এরা নতুন রাজনীতি করছে বটে, তবে তাদের শিষ্টাচারে ঘাটতি আছে।”
রাজনৈতিক অঙ্গনে এই মুখোমুখি বিতণ্ডা ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নুর ও হাসনাতের এই বিতর্ক দলগুলোর অভ্যন্তরীণ টানাপোড়েন ও প্রতিযোগিতার প্রতিফলন।