ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া আওয়ামী বয়ানকে ধারণ করেই নয়া রাজনীতির কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “নতুন বয়ানের সংকট চলছে। মুখে নয়া রাজনীতির ফেনা, কিন্তু বাস্তবে আওয়ামী বয়ানের উচ্ছিষ্ট নিয়েই অনেকে পথ চলছে।”
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘আওয়ামী বয়ানে নয়া রাজনীতি!!!!’ শিরোনামে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
জাহিদুল ইসলাম লিখেছেন, “৭১ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা বয়ানের রাজনীতি ৩৬ জুলাই কবর রচিত হয়েছে। এই প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়ানকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। অথচ এখন সেই ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া বয়ানকেই কেউ কেউ নতুন রাজনীতির নাম দিচ্ছে।”
তিনি আরও বলেন, “ওকে চালিয়ে যান, কিন্তু যদি তার পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হয়, তাহলে দায় কার? আওয়ামী লীগের বয়ান কপচানো মানুষগুলোকে দেখলে সত্যিই মায়া হয়।”
শিবির সভাপতি রাজনৈতিক নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে, কিন্তু আমাদের পরামর্শ শুনতে চায় না। অন্যকে ব্যবহার করার রাজনীতি না করে নিজস্ব বয়ান তৈরি করাই প্রকৃত রাজনৈতিক সততা।”
তিনি শেষে সকল রাজনৈতিক কর্মীর প্রতি আহ্বান জানান—“নিজের অবস্থানে থেকে সৎ, ন্যায্য ও নীতিনিষ্ঠ রাজনীতির পথে চলুন। সবার জন্য দোয়া ও শুভকামনা।”