বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, বরং নীতিরও আমূল পরিবর্তন প্রয়োজন। নেতৃত্ব বদলালেও যদি চিন্তা, আদর্শ ও দৃষ্টিভঙ্গি আগের মতোই থাকে—তবে জনগণের ভাগ্য কোনোদিনই পরিবর্তন হবে না।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকায় এক গণসংযোগ শেষে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। এমনকি কোরআন তেলাওয়াত ও ইফতারের আয়োজনেও বাধা দিয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে, কিছু রাজনৈতিক দলের আচরণেও সেই একই ফ্যাসিবাদী প্রবণতা ফিরে এসেছে।
মাসুদ সাঈদী বলেন, “একজন নেতা তখনই সফল হন, যখন তিনি সঠিক নীতির ওপর রাষ্ট্র পরিচালনা করেন। ইতিহাস সাক্ষ্য দেয়—যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “আজ আমাদের সমাজে সবচেয়ে বড় ঘাটতি নেতৃত্বের নয়, নীতির। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে আগে নীতির পরিবর্তন ঘটাতে হবে। উন্নয়ন শুধু সড়ক বা ভবনে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের চিন্তায়, চরিত্রে ও নৈতিকতায়।”
এসময় তিনি স্লোগান দেন—“চাও যদি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ, তবে প্রথমে বদলাও নীতি— তাহলেই বদলাবে বাংলাদেশ।”
সভায় জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা শিবির সভাপতি ইমরান হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।