অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টায় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
এর আগে মঙ্গলবার বিকেলে একই স্থানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল।
দুপুরে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রতিনিধিদল বিএনপির সঙ্গে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।
অন্য সদস্যদের মধ্যে ছিলেন কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, এনডিআই প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, প্রচারণা উপদেষ্টা জন ফ্লুহার্টি, পরামর্শক ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম উপদেষ্টা অমিতাভ ঘোষ এবং সাইদা মুশরেফা জাহান।আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে জামায়াত