ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সংবাদ সম্মেলনে ভারত সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কর্নেল অলি বলেন,
“ভারত সরকার শেখ হাসিনা ও তার লুটেরা বাহিনীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাসিনার বাহিনী বাংলাদেশের বন্ধু নয়, তারা দেশের শত্রু। তাদের বিচারের আওতায় আনতে হবে। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটি কোনোভাবেই বরদাশত করা হবে না।”
তিনি অভিযোগ করেন,
“আওয়ামী বাহিনী দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে উঠেছে এবং তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি। এদের রাজনীতি করার কোনো অধিকার নেই।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এলডিপি সভাপতি বলেন, “বর্তমানে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, রাজনৈতিক সংকট গভীর হচ্ছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে সজাগ থাকতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আওয়ামী লীগের দমননীতি মোকাবিলা করা সম্ভব নয়।”
জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে কর্নেল অলি জানান, “দলটির মহাসচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিএনপির সঙ্গে আলোচনা করে মনোনয়ন এবং যৌথ আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক।”
তিনি দলের সব প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট এসএম মোরশেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।