বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ছাত্রদলই খালেদা জিয়ার হাতিয়ার এবং তারেক রহমানের প্রিয় সংগঠন। গত ১৬ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে।
তাদের ত্যাগ ও রক্তের বিনিময়েই জুলাই-আগস্টের ঐতিহাসিক পটভূমি তৈরি হয়েছে, যার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।
সোমবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে বিএনপির এক মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সেখানে শিক্ষার্থী ও মহিলাদের অংশগ্রহণে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান বাবুল।
তিনি বলেন, ছাত্রদল সব গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েছে। সেই আন্দোলনে আবু সাইদ-মুগ্ধ ও ওয়াসিমসহ পাঁচ শতাধিক ছাত্রদল কর্মী জীবন দিয়েছেন।
বাবুল বলেন, ’৯০-এর আন্দোলনের পথ অনুসরণ করে ছাত্রদল ৩৬ দিন ধরে জীবন দিয়ে, গুলি বরণ করে শেখ হাসিনার পতনের পথ তৈরি করেছে। তিনি ছাত্রদলকে আহ্বান জানান—আগামী নির্বাচনেও যেন তারা মাঠে থাকে, সাধারণ শিক্ষার্থী ও তরুণদের ভোটে সম্পৃক্ত করে ধানের শীষের পক্ষে বিজয় নিশ্চিত করে।
তিনি আরও বলেন, দলের কাজ করতে গিয়ে অনেক সময় সমালোচনা আসতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের বিরুদ্ধে কোনো মিথ্যাচার সফল হবে না। বর্তমান যুগ মেধা ও দক্ষতার যুগ—তাই ছাত্রদলকে যুগোপযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।