বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “তোমরা নতুন ছাত্র দলের সদস্য। জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে গেলে তোমাদের অনেক দূর যেতে হবে। জন্মে নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যদের উদ্দেশে এ বক্তব্য দেন তিনি।
গোলাম পরোয়ার বলেন, “নতুন ছাত্র দলের এক নেতা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, জামায়াতে ইসলামী সংস্কারের পথে এগোয়নি ও নতুন সংবিধান সংলাপে অংশ নেয়নি। কিন্তু ঐকমত্য কমিশনে জমা দেওয়া ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা দিয়েছিলাম। আমাদেরই অবস্থান ছিল স্পষ্ট ও বাস্তবভিত্তিক।”
তিনি আরও বলেন, “অন্যরা আমাদের সমালোচনা করছে, কিন্তু তাদের নামও কেউ বলতে পারছে না। যারা জামায়াতের সমালোচনা করে, তাদের উচিত নিজেদের রাজনৈতিক অবস্থান আগে পরিষ্কার করা।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে গোলাম পরোয়ার বলেন, “একটি ভুল ধারণা আছে— হিন্দু মানেই আওয়ামী লীগ বা নৌকা। এবার হিন্দুরা দেখিয়ে দেবে, হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তবে তারা আগের শাসনের ভয়-নির্যাতন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।”
সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।