জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিলেই তাদের বট টিম অনলাইনে গালাগাল ও অপমানজনক আচরণ করে— এমনকি কখনও শারীরিকভাবে হামলাও চালায় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেমন ভিন্নমত প্রকাশের স্বাধীনতা ছিল না, এখনো একই অবস্থা চলছে। আগে বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না— এখন বলা হচ্ছে জামায়াতের আমির বা নেতার বিরুদ্ধেও কিছু বলা যাবে না। “জামায়াতের সমালোচনা করলেই তাদের বট টিম হাজির হয়ে যায়, গালাগাল করে, কখনও আবার হামলাও চালায়,” বলেন তিনি।
হান্নান মাসউদ আরও বলেন, আগে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ দেখা যেত, এখন জামায়াত ও বিএনপির মধ্যে ক্ষমতা দখল ও টিকে থাকার লড়াই চলছে। রাজনীতিতে সহনশীলতার সংস্কৃতি একেবারেই বিলুপ্ত।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “যারা জুলাই সনদে সই করেছেন, তাদের অধিকাংশই এই দেশে থাকেন না। তারা বাস্তবতা বোঝেন না। যদি সত্যিই জুলাই অভ্যুত্থানকে তারা সমর্থন করতেন, তবে আইনি ভিত্তি নিশ্চিত না করে এমন কাগুজে সনদে সই করতেন না।”
তিনি আরও যোগ করেন, “আমরা জুলাইয়ের আদর্শ বাস্তবায়ন চাই। কিন্তু সরকার যদি এর নিশ্চয়তা না দেয়, তাহলে আমরা আর প্রতারিত হতে চাই না।”
হান্নান মাসউদ বলেন, “শেখ হাসিনা, বেগম জিয়া বা তারেক রহমান— কেউই সমালোচনার ঊর্ধ্বে নন। কিন্তু এখনো সেই পুরনো ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি টিকে আছে।”
শেষে তিনি বলেন, “যুদ্ধ হোক বা রাজনীতি— সব সময় গরিবরাই প্রাণ দেয়, মধ্যবিত্ত দূরে থাকে, ব্যবসায়ীরা লাভের হিসাব করে, আর রাজনীতিবিদরা শেষে সমঝোতায় বসেন। এবার আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি চাই না।”