বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি সতর্ক করে বলেন, ইসি যদি নিজেদের অবস্থান ও নীতিমালা পরিষ্কার না করে, তবে তাদের পরিণতিও হবে সাবেক কেএম নুরুল হুদা কমিশনের মতো—জনগণের আস্থা হারানো এক ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে।
রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, “বর্তমান নির্বাচন কমিশন অটোক্রেসির এক প্রতীকে পরিণত হয়েছে। তারা এখন আর জনগণের ভোটাধিকার নয়, বরং নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে।”
তিনি অভিযোগ করেন, “ইসি আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে, সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। নির্বাচনী পরিচালনা বিধিমালা তারা নিজেদের মতো করে ব্যবহার করছে।”
হাসনাত আরও জানান, এনসিপিকে ইচ্ছাকৃতভাবে ‘শাপলা ফুল’ প্রতীক দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো আইনগত ব্যাখ্যাও ইসি দিতে পারছে না। তার ভাষায়, “নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। তাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়, সেভাবেই সিদ্ধান্ত নেয় তারা।”
তিনি জোর দিয়ে বলেন, “এই কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা মেরুদণ্ডহীনভাবে কাজ করছে। যাদের দ্বারা তারা নিয়োগ পেয়েছে, তাদেরই স্বার্থ রক্ষা করছে।”
শেষে তিনি বলেন, “ইসি যদি নিজেদের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার না করে, তাহলে তাদেরও নুরুল হুদা কমিশনের মতো পরিণতি অনিবার্য।”