ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দুটি গাড়ি এবং দুটি মিনি বাস ব্যবহৃত হবে নেতাদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে প্রথম একটি বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়। পরে অক্টোবরের শুরুতে আরও একটি বুলেটপ্রুফ বাসের অনুমোদন মেলে। বিএনপি সূত্র জানায়, এসব গাড়ি জাপান থেকে আমদানির বিষয়ে আলোচনা চলছে।
বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, “নির্বাচনী সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে যাবেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তাই তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি খুব কমই দেওয়া হয়। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের জন্যই এমন অনুমতি দেওয়া হয়েছিল।
বারভিডা সূত্রে জানা যায়, বুলেটপ্রুফ গাড়ির দাম প্রায় ২ লাখ ডলার এবং ৮০০ শতাংশ শুল্ক পরিশোধে একেকটি গাড়ির মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২২ কোটি টাকা।
এর পাশাপাশি বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের আবেদন করেছে, যা এখনো বিবেচনাধীন। পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। সেই নিরাপত্তা বিবেচনায়ই সরকার এই অনুমতি দিয়েছে।